পঞ্চগড় সদর উপজেলার তালমা নদীতে গোসল করতে গিয়ে আবু বক্কর সিদ্দিক (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক পঞ্চগড় পৌরসভার নিউমার্কেট এলাকার বাসিন্দা সবুজ হকের ছেলে। তিনি রামেরডাঙ্গা এলাকার বাইতুল জান্নাত হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বন্ধুদের সঙ্গে তালমা নদীতে গোসল করতে যায় আবু বক্কর। একপর্যায়ে সাঁতার না জানার কারণে নদীর গভীর পানিতে চলে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।