আ.লীগ নেতা আনিছুর রহমানের শেষ বিদায়ে মানুষের ঢল, অংশ নেন বিএনপি নেতারাও

প্রকাশ: ৩৩ minutes ago

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ও তাঁর বোনের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। আজ সোমবার (০৮ জুন) বেলা ১১টায় পৌরসভার মাধখলা এলাকায় নিজ বাসভবনের পাশের ইংলিশ এডুকেয়ার মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নির্দিষ্ট সময় হওয়ার আগেই মাঠ কানায় কানায় ভরে যায় এবং সর্বস্তরের মানুষের ঢল নামে।

জানাজায় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। এ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এসময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান স্থানীয় সংসদ সদস্য এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সাবেক এই জনপ্রতিনিধির জানাজাকে কেন্দ্র করে শ্রীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ প্রশাসনের নিয়মিত টহল ও উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় সূত্র জানায়, জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মোঃ শফিকুল ইসলাম জানান, “সাবেক জনপ্রতিনিধি মারা যাওয়ায় অনেক লোকজন উপস্থিত হয়েছিল। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি ঠেকাতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এটি নিয়মিত টহলের অংশ, এখানে কোনো আটক বা হয়রানির ঘটনা ঘটেনি।”

প্রয়াত আনিছুর রহমান শ্রীপুরের স্থানীয় রাজনীতিতে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন। ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি প্রথম মেয়র নির্বাচিত হন এবং পর পর ৫ বার এই দায়িত্ব পালন করেন। বিগত ২০২৪ সালের আগস্টে দেশের সব পৌরসভার মেয়র অপসারণের প্রজ্ঞাপন জারির পর তিনিও দায়িত্ব থেকে অপসারিত হন। দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত থাকার পর গত রবিবার (০৭ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই মৃত্যুতে শ্রীপুরের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

error: Content is protected !!