ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার সন্ধ্যার মধ্যে তার প্রতিনিধিরা সেখানে পৌঁছাবেন।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এছাড়া প্রতিনিধিদলে রয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার, যারা আগের আলোচনাতেও যুক্ত ছিলেন।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকলে তারা আলোচনায় অংশ নাও নিতে পারে। এর আগে প্রথম দফার আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতবিরোধ এখনো কাটেনি।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমতে পারে, তবে বড় ধরনের অগ্রগতি পেতে হলে দুই পক্ষকেই কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দিতে হতে পারে।
সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম