নওগাঁর মান্দায় উৎসবমুখর পরিবেশে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত ও সরকারি খাদ্য মজুত শক্তিশালী করতে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে।
উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে মোট ২০ হাজার ১৭১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২৬৭ মেট্রিক টন চাল এবং ২০৯ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষকরা এবারও মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে সরাসরি সরকারি গুদামে ধান, চাল ও গম সরবরাহ করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীর প্রভাব কমবে এবং প্রকৃত কৃষক সরাসরি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
সংগ্রহ কার্যক্রমকে কেন্দ্র করে কৃষকদের মাঝে ইতিবাচক সাড়া দেখা গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার আশ্বাস দেওয়া হয়েছে।