Warning: Undefined variable $preload_un_code in /home/deshedition/public_html/wp-content/themes/p-paper/template-parts/header.php on line 229

নবীনগরে অসহায় মায়ের পাশে স্বপ্নজয়ী সংগঠন

মাজহারুল ইসলাম বাদল, বিশেষ প্রতিনিধি (দেশ এডিশন):
প্রকাশ: ১ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম পূর্ব উত্তরপাড়া নাগবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা প্রয়াত সুবল সাহার স্ত্রী অঞ্জলী সাহার জীবনের দীর্ঘদিনের কষ্ট ও আবাসের অনিশ্চয়তার অবসান ঘটেছে। ‘শ্যামগ্রাম স্বপ্নজয়ী সংগঠন’-এর মানবিক উদ্যোগে এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের আন্তরিক সহযোগিতায় এই অসহায় মায়ের মাথার ওপর একটি নিরাপদ আবাসের ব্যবস্থা করা হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার সকালে নতুন এই ঘরের নির্মাণকাজ সম্পন্ন করে তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অঞ্জলী সাহা জীবনের দীর্ঘ সময় তিন মেয়েকে নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ একটি ঘরে বসবাস করে আসছিলেন। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর পানি পড়ার কারণে পরিবারটিকে চরম দুর্ভোগ পোহাতে হতো। জীবনের এই কঠিন বাস্তবতায় স্বামীর মৃত্যুর পর তাঁর দুঃখ-দুর্দশা আরও বহুগুণ বেড়ে যায়। এই অবস্থায় তাঁর জীবনের নতুন আশার আলো হিসেবে পাশে দাঁড়ায় স্থানীয় তরুণদের সামাজিক সংগঠন ‘শ্যামগ্রাম স্বপ্নজয়ী সংগঠন’।

নিরাপদ আশ্রয় পেয়ে অঞ্জলী সাহার চোখে দেখা যায় আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু। বহুদিনের কষ্টের জীবন পেরিয়ে নিজের একটি স্থায়ী ঘর পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি কখনো ভাবিনি আমার জন্য কেউ এভাবে এগিয়ে আসবে। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুন।”

নতুন ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন স্বপ্নজয়ী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জিহাদ, স্থানীয় ইউপি সদস্য রঞ্জন মেম্বার, রাজন সূত্রধর, বাপন নাগ ও নিলয় সাহা।

এ সময় সংগঠনের সক্রিয় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিয়াস, নাফিজ, সাকিব, আরিফ, রায়হান, বাপ্পি, রাহুল ও তৌকিরসহ আরও অনেকে। এছাড়াও মানবিক এই আয়োজনে উপস্থিত থেকে শুভকামনা জানান কামরুল ইসলাম নিপু, শেখ ফরিদ, আনোয়ার হোসেন, মিঠু, দুর্জয়, ফাহিম, রায়হান, জুনায়েদ, মাহিন, আশরাফুল, প্রসেনজিৎ, প্রভাত, জয়ন্ত, তুলসী কর, দীপক কর, রামু কর, মনু কর, পলাশ কর, রঞ্জন নাগ, পাপন সরকার, প্রবণ কর, নয়ন সাহা, সৌরভ কর, জিহাদ সরকার, প্রকাশ, অনন্ত, নিলয় হালদার, নিলয় শীল, পলক সাহা, আকাশ কর, নিলয় নাগ ও সূর্য কর প্রমুখ।

স্থানীয় সুধীজন ও সাধারণ মানুষ মনে করেন, একটি ঘর শুধু ইট-টিনের কাঠামো নয়; এটি একজন অসহায় মায়ের সামাজিক নিরাপত্তা ও নতুন করে বাঁচার স্বপ্ন। সমাজের এই কঠিন সময়ে স্বপ্নজয়ী সংগঠনের এমন সুদূরপ্রসারী ও জনকল্যাণমূলক উদ্যোগ যুবসমাজের জন্য মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

error: Content is protected !!