কুষ্টিয়ায় দুই বাসের ঘটনায় হাসপাতালে বহু যাত্রী

মোঃ হাবিবুর রহমান:
প্রকাশ: ১৬ minutes ago

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের তালবাড়ীয়া (ত্রিমোহিনী) এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার এ ঘটনায় একজন সেনাসদস্যসহ বহু যাত্রী আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে শেরপুরগামী হিমেল সীমান্ত পরিবহন এবং বগুড়া থেকে খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা, ফায়ার সার্ভিস সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

আহতদের দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত চিকিৎসক ও নার্সদের হাসপাতালে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ ও আহতদের খোঁজখবর নিতে কুষ্টিয়া সদর হাসপাতালে যান কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য-সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এ সময় তিনি চিকিৎসা কার্যক্রমের সার্বিক বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

error: Content is protected !!