পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের গৌরবোজ্জ্বল ৩৭ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি, সমাবেশ ও ২২তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দিনব্যাপী এ আয়োজন করে সংগঠনটি।
সকালে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শাপলা চত্বর প্রদক্ষিণ করে খাগড়াছড়ি টাউনহলে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে আগত বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী অংশ নেন।
র্যালিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন দাবি-দাওয়া এবং পাহাড়ের মানুষের নানা সমস্যা ও বঞ্চনার বিষয় ফেস্টুন ও ব্যানারের মাধ্যমে তুলে ধরা হয়। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
পরে খাগড়াছড়ি টাউনহলে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা পার্বত্য অঞ্চলে শিক্ষা, অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ২২তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।