মদনে বিপুল পরিমাণ চালসহ ট্রাক জব্দ প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১ ঘন্টা আগে

নেত্রকোনার মদন উপজেলায় প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চালবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ট্রাকটি আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রশাসন সূত্রে জানা গেছে, আটক ট্রাকটিতে কয়েকশ বস্তা চাল ছিল। প্রাথমিকভাবে জব্দ হওয়া চালের পরিমাণ প্রায় ২০ টনের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। ট্রাকটি বর্তমানে প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, চাল পরিবহন ও সংরক্ষণ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় কয়েকজনের নাম প্রাথমিকভাবে জানা গেলেও বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

অভিযানে মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি), থানা পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

error: Content is protected !!