লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবন চন্দ্রগঞ্জ ইউনিয়ন এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় চন্দ্রগঞ্জ বাজার এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান, উপজেলার প্রশাসনিক ভবন চন্দ্রগঞ্জ ইউনিয়নের বাইরে অন্য কোনো এলাকায় না নিয়ে ইউনিয়নের ভেতরেই স্থাপন করতে হবে।
বক্তারা বলেন, একটি পূর্ণাঙ্গ উপজেলার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও নাগরিক সুবিধা চন্দ্রগঞ্জ ইউনিয়নে আগে থেকেই বিদ্যমান রয়েছে। এছাড়া এলাকায় চন্দ্রগঞ্জ থানা ও হাইওয়ে থানার অবস্থান প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে বলেও তারা উল্লেখ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা আরও বলেন, প্রশাসনিক ভবন অন্য এলাকায় স্থাপন করা হলে সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়তে পারে। পাশাপাশি নতুন অবকাঠামো নির্মাণে অতিরিক্ত ব্যয়ও বাড়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করেন।
স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। তারা জনস্বার্থ বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে বক্তারা বলেন, জনগণের দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না এলে পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হতে পারে।