যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপন

আহসান হাবীব বাপ্পী:
প্রকাশ: ৫৯ minutes ago


মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মে দিবস উপলক্ষে যশোরে আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশে পালিত হয়েছে নানা কর্মসূচি। দিবসটি ঘিরে জেলা জুড়ে শ্রমিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান।

বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়নের পেছনে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব নীতিতে অঙ্গীকারবদ্ধ। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শ্রমিকদের নিষ্ঠা ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। তিনি সকলকে সম্প্রীতি বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত হলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি শ্রমজীবী মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান বলেন, মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করা হয়।

error: Content is protected !!