গরু চুরির অভিযোগে তিনজনের প্রাণহানি

আনিসুর রহমান:
প্রকাশ: ১ ঘন্টা আগে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজনদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

রোববার (১০ মে) ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়। এরই মধ্যে রোববার গভীর রাতে একটি দল ট্রাক নিয়ে ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা এলাকায় প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে মাইকিং ও চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়।

স্থানীয়দের দাবি, এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই সময় ঘটনাস্থলে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে ট্রাকটি পুড়ে যায়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “গরু চুরির সন্দেহে স্থানীয় জনতা তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা নিহত হন। ঘটনাস্থলে একটি ট্রাকেও আগুন দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

error: Content is protected !!