ঘানার বিদায়ে তান্ত্রিকের জারিজুরি শেষ

স্পোর্টস ডেস্ক (দেশ এডিশন):
প্রকাশ: ২ ঘন্টা আগে

উত্তর আমেরিকা বিশ্বকাপের অন্যতম আলোচিত ও রহস্যময় এক চরিত্র হয়ে উঠেছেন ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোনসাম। ইংল্যান্ড বনাম ঘানার ম্যাচে গ্যালারিতে সাদা পাউডার ছিটিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই ব্যক্তি ঘোষণা করেছিলেন, নবাগত কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে শক্তিশালী আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত তাঁর এই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার কাছে হেরে এই তান্ত্রিকের নিজের দেশ ঘানাও রাউন্ড অব বত্রিশ বা শেষ বত্রিশ থেকেই বিদায় নিয়েছে।

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচের দিন দুয়েক আগে তান্ত্রিক নানা কিয়াঙ্কু জোর গলায় বলেছিলেন, ‘কেপ ভার্দেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করবে।’ তবে আজ শনিবার বাংলাদেশ সময় ভোরবেলায় অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ও রুদ্ধশ্বাস ম্যাচে নবাগত দলটিকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে লিওনেল মেসির দল।

ম্যাচটি জিততে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে এবং নির্ধারিত সময়ে মীমাংসা না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। হেরে গেলেও নিজেদের দুর্দান্ত ও নান্দনিক ফুটবল দিয়ে বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর মন জিতে নিয়েছে কেপ ভার্দে।

একই দিনে রাউন্ড অব বত্রিশের আরেক হাই-ভোল্টেজ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল তান্ত্রিক নানা কিয়াঙ্কুর দেশ ঘানা। এই ম্যাচটি ঘিরেও আন্তর্জাতিক ফুটবল মহলে কালো জাদু ও আফ্রিকান তান্ত্রিকতা নিয়ে নানা মুখরোচক আলোচনা চলছিল। ফুটবল ভক্তদের মাঝে কৌতূহল ছিল, ল্যাটিন আমেরিকার দলটি প্রতিপক্ষ ফুটবলারদের পাশাপাশি গ্যালারিতে থাকা ওই আলোচিত তান্ত্রিককে হারাতে পারবে কি না।

মাঠে অবশ্য ফুটবলীয় শ্রেষ্ঠত্বই জয়ী হয়েছে। আরিয়াসের একমাত্র দর্শনীয় গোলে ঘানাকে ১-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলো বা প্রি-কোয়ার্টার ফাইনালে পা রেখেছে হামেস রদ্রিগেসের কলম্বিয়া।

টানা দুটি বড় ম্যাচের ফলাফল তান্ত্রিকের ধারণার সম্পূর্ণ বিপক্ষে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়া মহলে নানা কিয়াঙ্কুর তান্ত্রিক জারিজুরি নিয়ে এখন বেশ ট্রোল ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। অবশ্য ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে নিয়ে আরেকটি বড় ভবিষ্যদ্বাণী আগে থেকেই করে রেখেছেন এই ঘানাইয়ান তান্ত্রিক।

তাঁর দাবি, এবার পর্তুগালই বিশ্বচ্যাম্পিয়নের সোনালী ট্রফি উঁচিয়ে ধরবে। ইতোমধ্যে শক্তিশালী ক্রোয়েশিয়াকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। ঘানার এই তান্ত্রিকের শেষ ভবিষ্যদ্বাণীটি শেষ পর্যন্ত সত্যি নাকি মিথ্যা প্রমাণিত হবে—তা দেখার জন্য ফুটবল বিশ্বকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

error: Content is protected !!