লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মীম আক্তার (১৪) ওই গ্রামের কাচারি বাড়ির মো. মিটুর মেয়ে এবং স্থানীয় বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি ব্যক্তিগত বিষয়ে মানসিক অস্থিরতার মধ্যে ছিল মীম। ঘটনার সময় পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা প্ররোচনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।