হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তঘেঁষা রেমা চা-বাগান এলাকায় খোয়াই নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, চা-শ্রমিক ও শিক্ষার্থীদের। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, রেমা চা-বাগান এলাকার শ্রমিকদের প্রতিদিন কাজের প্রয়োজনে খোয়াই নদী পার হতে হয়। তবে স্থায়ী সেতু না থাকায় সময়মতো কর্মস্থলে পৌঁছাতে নানা ভোগান্তির মুখে পড়ছেন তারা। একইভাবে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদেরও ঝুঁকিপূর্ণভাবে নৌকায় পারাপার হতে হচ্ছে। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানান, অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও নদীটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একটি স্থায়ী সেতুর অভাবে কৃষিপণ্য ও চা-পাতা পরিবহনেও অতিরিক্ত সময় ও খরচ বেড়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবেদ হোসেন বলেন, “রেমা চা-বাগান এলাকাটি পর্যটন ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে একটি সেতু নির্মাণ হলে মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।”
এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, সংশ্লিষ্ট স্থানে সেতু নির্মাণের বিষয়ে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।