জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম আর নেই

মাজহারুল ইসলাম বাদল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
প্রকাশ: ৫৩ minutes ago

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিক্ষাঙ্গনের পরিচিত মুখ ও জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে পৌরসভার আলীয়াবাদ এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

তাজুল ইসলাম আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষা বিস্তার ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা লাভ করেন।

বৃহস্পতিবার বাদ আসর আলীয়াবাদ দক্ষিণ কবরস্থান মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, জেলা বিএনপির সাবেক অর্থনীতিবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, নবীনগর প্রেসক্লাব, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমাজ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

error: Content is protected !!