ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণকারী কৃষক নির্বাচন করতে উন্মুক্ত লটারির আয়োজন করেছে উপজেলা প্রশাসন। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে উপজেলা হলরুমে এ লটারির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা অনুরমা সুপ্রভা কাঞ্চি শাওন, খাদ্য কর্মকর্তা এস এম সালাউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সুবহান, বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যের প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওসি এলএসডি শাকিল আহমেদ। এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌকির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক আজারুল ইসলাম লিটন, সাংবাদিক আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ১ হাজার ৯১৩ জন কৃষক আবেদন করেন। আবেদনকারীদের মধ্য থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ১০টি ইউনিয়ন থেকে ৭০ জন করে মোট ৭০০ জন কৃষককে নির্বাচিত করা হয়।
লটারির পুরো প্রক্রিয়া উন্মুক্তভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচিত কৃষকরা জানান, স্বচ্ছ পদ্ধতিতে প্রকৃত কৃষকদের নির্বাচন করায় তারা সন্তুষ্ট।