দেশে এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, এই মজুতের ফলে আসন্ন সময়ে জ্বালানি সরবরাহে স্বস্তি বজায় থাকবে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কমেছে।
শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগাম প্রস্তুতি গ্রহণ করেছে এবং ধারাবাহিকভাবে তদারকি কার্যক্রম চালানো হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে জ্বালানির চাহিদা বিবেচনায় রেখে পর্যাপ্ত মজুত নিশ্চিত করা হয়েছে। এর ফলে নিকট ভবিষ্যতে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বর্তমানে জুন মাসের সম্ভাব্য চাহিদা মাথায় রেখে অতিরিক্ত জ্বালানি মজুতের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় থাকে। সরকারের পক্ষ থেকে জ্বালানি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে দাবি করে প্রতিমন্ত্রী জানান, বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি আমদানি বাড়ানোর প্রচেষ্টা চলছে।
তিনি আরও বলেন, পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর লক্ষ্যে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে, যাতে দেশের অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রাখা যায়।