
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়নে প্রান্তিক ও নিম্ন-আয়ের মানুষের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমের (ভিডিও কনফারেন্স) সাহায্যে এই কল্যাণমুখী কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কাঁঠাল ইউনিয়নের মোট ১ হাজার ২৮৯টি আবেদনকারী পরিবারের নথিপত্র অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে চূড়ান্তভাবে যোগ্য বিবেচিত ৬৫৯টি পরিবারের মাঝে প্রথম দফায় এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে কার্ডধারী পরিবারগুলো সরকারি বিশেষ সুবিধায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারবেন।
ত্রিশাল উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই বিশেষ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) সাইফুর ইসলাম। তিনি তাঁর বক্তব্যে ফ্যামিলি কার্ডের স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত ভুক্তভোগী যেন এই সুবিধা পান তা নিশ্চিত করার ওপর জোর দেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জনপ্রিয় সংসদ সদস্য (এমপি) ডাঃ মাহবুবুর রহমান লিটন। তিনি সরকারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান প্রশাসন সাধারণ মানুষের দোরগোড়ায় মৌলিক সুবিধা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সুধীজন। সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে, বাকি আবেদনগুলো পুনঃমূল্যায়ন করে পর্যায়ক্রমে পরবর্তী তালিকা প্রকাশ করা হবে।