সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির পানছড়িতে দুর্গম পাহাড়ি জনপদের অসহায় মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ৩ বিজিবির লোগাং জোন।
গত রবিবার (২১ জুন) উপজেলার ২নং চেংগী ইউনিয়নের দুর্গম ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক ব্যতিক্রমী জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী তুলে দেন ৩ বিজিবি লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম।
এদিন দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহিত করতে ফুটবল ও কেরাম বোর্ডসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী এবং স্থানীয় কৃষক ও গ্রামবাসীদের মাঝে অর্ধশতাধিক ছাতা বিতরণ করে বিজিবি। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন লোগাং জোন (৩ বিজিবি)-এর মেডিকেল অফিসার মেজর মো. নাঈমুল মুশফিক এবং পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফজলুল বারী জিহান। হাতের নাগাল এমন প্রফেশনাল চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, জগৎমোহন পাড়াবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির তীব্র সংকট নিরসনে একটি আধুনিক নলকূপ স্থাপন করে দিয়েছে লোগাং জোন। দুর্গম পাহাড়ি পথ ও উঁচুনিচু টিলা অতিক্রম করে সদ্য স্থাপিত এই নলকূপটি স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম। এতে পুরো গ্রামের মানুষের নিরাপদ ও সুপেয় পানির দীর্ঘদিনের চাহিদা মিটবে বলে আশা করা হচ্ছে।
বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ২নং চেংগী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রুপক চাকমা বলেন, “জগৎমোহন পাড়ায় নলকূপ স্থাপন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ, শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী এবং কৃষকদের মাঝে ছাতা বিতরণ নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। এ জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বিজিবিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চাকমা বলেন, “বিজিবির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিশুদের পড়াশোনা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ব্যাপকভাবে সহায়ক হবে।”
সার্বিক বিষয়ে ৩ বিজিবি লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, “আমাদের মূল উদ্দেশ্য একটাই— এলাকার সবাই যেন ভালো থাকে এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে। আমরা এলাকার সর্বসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থাসহ চিকিৎসা এবং কৃষিকাজে নিয়োজিত মানুষদের জন্য ছাতা বিতরণ করেছি। পাশাপাশি আমরা চাই এখানকার শিশুরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে। তারা যেন একটি সুন্দর ও ইতিবাচক পরিবেশে বেড়ে ওঠে, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”