নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কেন্দ্র করে আলোচনা

সোহাদ হোসেন প্রান্ত, নারায়ণগঞ্জ:
প্রকাশ: ২ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে দলীয় অভ্যন্তরীণ বিরোধ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির এক নেতাকে প্রকাশ্যে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

অভিযোগের শিকার অখিল উদ্দিন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৬ নম্বর ওয়ার্ড সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, জেলা পরিষদ চত্বরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কয়েকজন নেতাকর্মীর মধ্যে প্রথমে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে অখিল উদ্দিনের সঙ্গে কয়েকজন ছাত্রদল ও যুবদল কর্মীর বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

ঘটনার সময় উপস্থিত কয়েকজন নেতা-কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এরই মধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলীয় মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। তার দাবি, ভুল বোঝাবুঝির কারণে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্টরা উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।

তবে এ ঘটনায় কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

error: Content is protected !!