পানছড়ির চেঙ্গি ব্রিজের বেহাল অবস্থা, সংস্কারের দাবি জোরালো

আজিজুর রহমান শাহীন, পানছড়ি:
প্রকাশ: ১ ঘন্টা আগে

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম চেঙ্গি ব্রিজ বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘ ৩৭ বছরের পুরোনো এই সেতুর একাধিক স্টিলের পাটাতন নড়বড়ে হয়ে পড়েছে, কিছু অংশ ভেঙেও গেছে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুর পাটাতন দেবে গিয়ে একদিকে কাত হয়ে যায়, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। পানছড়ি থেকে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নে দ্রুত যাতায়াতের প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন গড়ে প্রায় এক হাজার যানবাহন ঝুঁকি নিয়ে এই ব্রিজ ব্যবহার করছে।

সরেজমিনে দেখা গেছে, সেতুর বিভিন্ন অংশে দৃশ্যমান ক্ষয়ক্ষতি রয়েছে, যা চলাচলকে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। স্থানীয় সিনিয়র সাংবাদিক শাহজাহান কবির সাজু জানান, সেতুটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক এবং যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে অটোচালকসহ বিভিন্ন পরিবহন চালকদের ভাষ্য, ব্রিজে উঠলেই অস্বাভাবিক কাঁপুনি অনুভূত হয়, যা তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

স্থানীয় বাসিন্দারাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সেতুর পাশের বাড়িগুলোতে ভারী যানবাহনের বিকট শব্দে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বিশেষ করে রাতে শিশুদের ঘুমের সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া ইতোমধ্যে কয়েকজন মোটরসাইকেল আরোহী এই সেতুতে দুর্ঘটনার শিকার হয়েছেন বলেও জানা গেছে। দ্রুত সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

error: Content is protected !!