পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়েছে শতাধিক শিক্ষার্থী। বুধবার (১৩ মে) দুপুরে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ক্লাসে এ ঘটনা ঘটে। পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শিক্ষা প্রতিষ্ঠানে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, টিফিন শেষে পাঠদান শুরু হওয়ার কিছু সময় পর শ্রেণিকক্ষের ভেতরে থাকা একটি প্লাস্টিকের পাত্র থেকে অস্বাভাবিক গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর কয়েকজন শিক্ষার্থী মাথা ঘোরা, বমি বমি ভাব ও অসুস্থতা অনুভব করলে দ্রুত অন্যদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকদের তত্ত্বাবধানে অধিকাংশ শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও কয়েকজন এখনো চিকিৎসাধীন রয়েছে। গুরুতর অসুস্থ দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বাসনা রানী জানান, হঠাৎ করেই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। পরে অন্য শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। বিদ্যালয় এলাকায় বর্তমানে উদ্বেগ বিরাজ করছে এবং অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।