গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সাতবাড়ী এলাকায় নিখোঁজ হওয়ার তিন ঘণ্টার মধ্যেই ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া শিশুর নাম মারিয়া মাইশা। সে সাতবাড়ী সারদারঞ্জন এলাকার বাসিন্দা মোঃ হাসান খানের মেয়ে। এ ঘটনায় কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৭ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরে রাত ৭টার দিকে কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
স্বজনদের দাবি, এক অজ্ঞাত নারী শিশুটিকে তার মায়ের কথা বলে সঙ্গে নিয়ে যায়। পরে বিভিন্ন স্থান ঘুরিয়ে কোনাবাড়ি আমবাগ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাসের অপেক্ষার সময় শিশুটিকে স্থানীয় কয়েকজন যুবক দেখতে পেয়ে উদ্ধার করেন।
শিশুটি নিখোঁজ হওয়ার পর কাশিমপুর থানায় জিডি দায়ের করা হলে পুলিশ দ্রুত অনুসন্ধান কার্যক্রম শুরু করে। বিভিন্ন এলাকায় খোঁজ নিতে পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয়দেরও বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় সতর্ক থাকতে বলা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে পরিবার স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।