হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন অবস্থান জানিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, প্রচলিত কোনো ফি আরোপ করা হবে না, তবে নিরাপত্তা ব্যয়ের জন্য নতুন ধরনের ফি চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেন, এ বিষয়ে একটি খসড়া আইন বর্তমানে পার্লামেন্টে প্রস্তুত হচ্ছে। প্রস্তাবিত আইনে প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট ফি নির্ধারণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।
তিনি আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ক্ষেত্রে ইরান কর্তৃপক্ষের সঙ্গে পূর্ব সমন্বয় বাধ্যতামূলক করা হতে পারে। বিশেষ করে শত্রুপক্ষের সামরিক জাহাজ—যেমন যুক্তরাষ্ট্র ও ইসরাইল—এর মালিকানাধীন জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না বলে ইঙ্গিত দেন তিনি। তবে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজ পূর্ব অনুমতির ভিত্তিতে চলাচল করতে পারবে।
এদিকে, প্রণালির নিরাপত্তা ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ইরান মেনে নেবে না বলেও স্পষ্ট করেছেন রেজায়ি।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ISNA জানিয়েছিল, কিছু বাণিজ্যিক জাহাজকে প্রণালি পারাপারের অনুমতি দেওয়া হতে পারে, তবে সেক্ষেত্রে ফি পরিশোধ করতে হবে।