বাংলাদেশের আকাশে জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি, সোমবার থেকে গণনা শুরু

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ২ মাস আগে

বাংলাদেশের আকাশে পবিত্র ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ আজ শনিবার কোথাও দেখা যায়নি। ফলে আগামীকাল রোববার শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী সোমবার থেকে জিলকদ মাসের গণনা শুরু হবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।

বৈঠকে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আলেমগণ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!