নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫ নম্বর ছয়ানী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ জামাল উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
এ সময় বক্তারা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়। দোয়া মাহফিলে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরে ৫ নম্বর ছয়ানী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।