ভোলা জেলার দৌলতখান উপজেলার চরশুভী মাদ্রাসা মোড় এলাকার পরিচিত ফার্মেসি ব্যবসায়ী মো. নিরব রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত রাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, যা নিয়ে পরিবার ও স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিরব দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি ফার্মেসি পরিচালনা করে আসছিলেন এবং ভদ্র ও বিনয়ী স্বভাবের জন্য সবার কাছে সুপরিচিত ছিলেন। তবে গত রাতে হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান।
পার্শ্ববর্তী ব্যবসায়ীরা জানান, নিরবের দোকান অস্বাভাবিক সময় পর্যন্ত খোলা দেখতে পেয়ে তারা খোঁজ নিতে গেলে দোকানের ভেতরে তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি ড্রয়ারে পড়ে থাকতে দেখা যায়। কিন্তু সেখানে নিরবকে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও শোকে মুহ্যমান অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রিয়জনের সন্ধানে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি নিরবের সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।