মান্দায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন, নিরাপদ কর্মপরিবেশের দাবি

আরিফ হোসেন | মান্দা, নওগাঁ :
প্রকাশ: ২ ঘন্টা আগে

নওগাঁর মান্দায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের (মেডিক্যাল প্রমোশন অফিসার) নিরাপদ কর্মপরিবেশ, আত্মসম্মান রক্ষা এবং শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া), মান্দা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা জানান, তারা কোনো দালাল নন; বরং উচ্চশিক্ষিত ও মেডিক্যাল বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবী। তারা কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়রানি বন্ধ এবং পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন ফারিয়া মান্দা শাখার সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. মাছুদ রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ-আল মামুন, উপদেষ্টা মাইনুর ইসলাম ও সদস্য কামরুজ্জামান।

বক্তারা বলেন, ওষুধ শিল্পের উন্নয়নে মেডিক্যাল প্রমোশন অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক ক্ষেত্রে তারা সঠিক মূল্যায়ন ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে মান্দা উপজেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন।

error: Content is protected !!