টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার (২৪) নামের এক নারী। মঙ্গলবার সকালে কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কন্যা ও এক পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পারিবারিক সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার কাশিল গ্রামের বাসিন্দা হায়দার আলীর স্ত্রী বিথী আক্তার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
চিকিৎসকদের ভাষ্য, একসঙ্গে চার সন্তানের জন্ম তুলনামূলকভাবে বিরল ঘটনা। মা ও শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
নবজাতকদের বাবা হায়দার আলী জানান, তাদের আগে একটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘ সময় পর একসঙ্গে চার সন্তানের আগমনে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
এদিকে বিরল এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও আগ্রহ দেখা দেয়। অনেকেই হাসপাতালে গিয়ে নবজাতকদের খোঁজখবর নিচ্ছেন।