যশোরে জ্বালানি সংকট চরমে, বিপাকে বাইকার ও কর্মজীবীরা

আহসান হাবীব বাপ্পী, যশোর জেলা প্রতিনিধি:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রভাবে দেশে তেলের সরবরাহে সংকট দেখা দেওয়ায় যশোর শহরের অধিকাংশ তেল পাম্প বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেলচালক ও মার্কেটিং পেশায় নিয়োজিত কর্মীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, শহরের বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে। কোথাও কোথাও পাম্প খোলা থাকলেও তেল মজুদ নেই। ফলে সকাল থেকেই অনেক বাইকার ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল সংগ্রহ করতে পারছেন না। তেল কবে নাগাদ আসবে, সে সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য দিতে পারছেন না পাম্প সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ওষুধ কোম্পানির মার্কেটিং কর্মকর্তা জানান, তেলের অভাবে তারা নিয়মিত কাজ সম্পাদন করতে পারছেন না। দিনের বড় একটি অংশ পাম্পে অপেক্ষা করতেই কেটে যাচ্ছে। তাছাড়া সীমিত পরিমাণ তেল সরবরাহের কারণে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। অনেক সময় প্রতিদিন তেলও পাওয়া যাচ্ছে না, যা তাদের পেশাগত কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলছে।

এ পরিস্থিতিতে বাইকারসহ ভুক্তভোগীরা দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

error: Content is protected !!