রাঙ্গাবালীর চরমোন্তাজে বৃষ্টির প্রভাব, রবিশস্য বাজারে তোলা অনিশ্চিত

মোঃ রাকিব হাওলাদার:
প্রকাশ: ২ ঘন্টা আগে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। অবিরাম বৃষ্টির কারণে ফসলি জমিতে পানি জমে থাকায় রবিশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে মুগ ডাল, চিনাবাদাম ও আলুর ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হওয়ায় জমির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। ফলে নিচু এলাকার অধিকাংশ কৃষিজমি পানিতে প্লাবিত হয়েছে। অনেক জমিতে ফসল পচে যাওয়ার উপক্রম হয়েছে এবং কোথাও কোথাও গাছ হলুদ হয়ে মারা যেতে শুরু করেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন রবিশস্য চাষিরা।

কৃষকরা জানান, চলতি মৌসুমে ভালো ফলনের আশায় অনেকেই ধারদেনা করে জমিতে আবাদ করেছিলেন। কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে সেই স্বপ্ন এখন ভেঙে যেতে বসেছে। অনেক কৃষক তাদের শেষ সম্বল দিয়ে মুগ ডাল, চিনাবাদাম ও আলুর চাষ করেছিলেন। জমিতে পানি জমে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় তারা হতাশ হয়ে পড়েছেন।

চরমোন্তাজ এলাকার কয়েকজন কৃষক বলেন, “এভাবে আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকলে জমির সব ফসল নষ্ট হয়ে যাবে। ইতোমধ্যেই আমরা বড় ক্ষতির মুখে পড়েছি। এখন সংসার কীভাবে চলবে, সেই চিন্তায় আছি।”

এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সরকারি সহায়তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় তারা মারাত্মক আর্থিক সংকটে পড়বেন বলে আশঙ্কা করছেন।

টানা প্রাকৃতিক দুর্যোগে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে চরমোন্তাজের কৃষকদের, আর আকাশের দিকে তাকিয়ে তারা অপেক্ষা করছেন স্বস্তির রোদ্দুরের।

error: Content is protected !!