রাঙ্গামাটিতে ডিজিটাল পরিবহন সেবার উদ্বোধন

প্রকাশ: ৫৭ minutes ago

রাঙ্গামাটিতে সড়ক পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে অনলাইন বাস টার্মিনাল এবং সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেস চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ জেলার পরিবহন ব্যবস্থাপনায় নতুন গতি আনবে।

শনিবার (১৬ মে) শহরের লেক ভিউ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সঙ্গে জেলা পুলিশের উদ্যোগে ‘ট্রাফিক সচেতনতা কর্মসূচি-২০২৬’ শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জসিম উদ্দিন।

অনুষ্ঠানে অতিথিরা অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন করেন। বক্তারা জানান, এই ব্যবস্থার মাধ্যমে যানবাহনের তথ্য সংরক্ষণ, নিবন্ধন তদারকি, যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়ক ব্যবস্থাপনা আরও সহজ হবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে রাঙ্গামাটিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বাড়বে।

জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী বলেন, ডিজিটাল ডাটাবেসের মাধ্যমে যানবাহনের তথ্য দ্রুত যাচাই ও সংরক্ষণ করা সম্ভব হবে। এতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, প্রযুক্তিনির্ভর এই সেবার মাধ্যমে যানবাহনের তথ্য সমন্বিত ব্যবস্থার আওতায় আসবে। পাশাপাশি ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পরিবহন শ্রমিক নেতা, বাস মালিক সমিতির প্রতিনিধি, সিএনজি চালক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!