শেরপুরের গারো পাহাড়ে বন সংরক্ষণে কার্যকর উদ্যোগের আহ্বান

‎জান্নাতুল বাকী, শেরপুর:
প্রকাশ: ২ ঘন্টা আগে

শেরপুরের গারো পাহাড় অঞ্চলে অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিবেশবাদী ও এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে নির্বিচারে গাছ কাটার কারণে পাহাড়ি বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ের বিভিন্ন এলাকায় মূল্যবান গাছ কেটে পাচারের অভিযোগ রয়েছে। এতে বনাঞ্চলের ঘনত্ব কমে যাওয়ার পাশাপাশি বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সংকটে বন্যপ্রাণী লোকালয়ের দিকে চলে আসায় মানুষ ও প্রাণীর মধ্যে সংঘাতের ঘটনাও বাড়ছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, বন রক্ষায় কার্যকর নজরদারির অভাব রয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, বন সংরক্ষণে প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ন্ত্রিত বন উজাড় অব্যাহত থাকলে ভবিষ্যতে ভূমিধসসহ নানা পরিবেশগত ঝুঁকি তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, বন রক্ষায় কঠোর তদারকির পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং নতুন বনায়ন কর্মসূচি বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে অবৈধ গাছ কাটা ও কাঠ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন বলেন, বন সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!