শৈলকুপায় বিদেশি আঙ্গুর বাগান ঘিরে আলোচনায় তরুণ উদ্যোক্তা শুভ

অনিক, শৈলকুপা :
প্রকাশ: ৩ ঘন্টা আগে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যোগীপাড়া গ্রামে বিদেশি জাতের আঙ্গুর চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন তরুণ উদ্যোক্তা শাহরিয়া পারভেজ শুভ। নিজ উদ্যোগ ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে বাড়ির আঙিনা ও আশপাশের জমিতে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন আঙ্গুর বাগান, যা ইতোমধ্যেই এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন জাতের ফল চাষ ও আধুনিক কৃষি পদ্ধতির প্রতি আগ্রহ থেকেই শুভ আঙ্গুর চাষের উদ্যোগ নেন। প্রথমে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চাষ শুরু করলেও বর্তমানে তার বাগানে বিভিন্ন বিদেশি জাতের আঙ্গুরের সফল উৎপাদন হচ্ছে। ফলন ও বাগানের সৌন্দর্য দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ সেখানে ভিড় করছেন।

বাগান ঘুরে দেখতে আসা অনেকেই আঙ্গুর চাষের পদ্ধতি, পরিচর্যা ও উৎপাদন কৌশল সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করছেন। স্থানীয় কৃষকদের মধ্যেও নতুনভাবে আঙ্গুর চাষের আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।

উদ্যোক্তা শাহরিয়া পারভেজ শুভ বলেন, “সঠিক পরিচর্যা, উন্নত জাত নির্বাচন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে বাংলাদেশেও বিদেশি ফলের সফল চাষ সম্ভব। আমি ভবিষ্যতে আরও বড় পরিসরে আঙ্গুর বাগান সম্প্রসারণের পরিকল্পনা করছি।”

স্থানীয়দের মতে, শুভর এই উদ্যোগ শুধু ব্যক্তিগত সফলতার উদাহরণ নয়, বরং এলাকার কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। অনেক তরুণ এখন কৃষিকে সম্ভাবনাময় উদ্যোক্তা খাত হিসেবে দেখছেন।

কৃষি সংশ্লিষ্টদের ধারণা, এ ধরনের উদ্যোগ দেশের কৃষিতে বৈচিত্র্য আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণদের কৃষিমুখী হতে উৎসাহিত করবে।

error: Content is protected !!