স্থানীয় নির্বাচনে বাড়ছে জামানত, বাদ অঙ্গীকারনামা

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ৫২ minutes ago


স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য অঙ্গীকারনামা জমা দেওয়ার বিধান রাখা হচ্ছে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বিভিন্ন পদে নির্বাচনী জামানতের পরিমাণ বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হতে পারে। আগামী অক্টোবর থেকে ভোটগ্রহণ শুরুর লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে কমিশন।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে প্রার্থীদের জন্য অঙ্গীকারনামা জমা দেওয়ার বিধান বাদ দেওয়ার বিষয়টিও রয়েছে।
ইসি সূত্রে আরও জানা গেছে, ইউপি চেয়ারম্যান পদে জামানত পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সদস্য পদে এক হাজার টাকা থেকে ১০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন পদেও জামানতের পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি কিছু নির্বাচনী ব্যয়সীমা পুনর্নির্ধারণের প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ জুনের মধ্যে খসড়া বিধিমালা চূড়ান্ত করে সরকারের অনুমোদনের জন্য পাঠানো হতে পারে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বর্তমানে দেশের অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য ও কারিগরি কার্যক্রম শুরু করেছে।

error: Content is protected !!