দেশে ফিরতে শুরু করেছেন পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিরা। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, শনিবার (৩০ মে) দিবাগত রাত পর্যন্ত পরিচালিত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজী দেশে পৌঁছেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফেরা হাজিদের মধ্যে ৪১৬ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫ হাজার ৭৫৯ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন। ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস অংশ নিচ্ছে।
হজ-সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সৌদি আরবে অবস্থানকালে এখন পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। অধিকাংশ মৃত্যু মক্কায় ঘটেছে, আর বাকিরা মদিনায় ইন্তেকাল করেছেন।
হজ শেষে দেশে ফেরার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে। প্রথম ফিরতি ফ্লাইটটি জেদ্দা থেকে যাত্রা করে ঢাকায় পৌঁছায় একই দিনে। আগামী ৩০ জুন পর্যন্ত ধাপে ধাপে দেশে ফিরবেন বাংলাদেশি হাজিরা।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটা নির্ধারণ করা হয়েছিল। হজযাত্রীদের সৌদি আরবগামী ফ্লাইট কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে।