১৫০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা, নবীনগরে উৎসবের আমেজ

প্রকাশ: ৩ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পৌর এলাকার বুলচংয়ে প্রায় ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মাছের মেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬), ২রা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে ভোররাত ৩টা থেকে শুরু হওয়া এ মেলা সারাদিনব্যাপী চলে।

প্রাচীন এই মাছের মেলাকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। দূর-দূরান্ত থেকে মাছের ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীরা ভিড় জমায় বুলচং এলাকায়। দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসে অস্থায়ী বাজার, যেখানে দরদাম আর ক্রয়-বিক্রয়ের প্রাণচাঞ্চল্যে মুখর থাকে পুরো এলাকা।

মেলায় আগত ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এটি শুধু বেচাকেনার স্থান নয়; বরং একটি সামাজিক মিলনমেলা। ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু-মুসলিম, ধনী-গরিব, ছোট-বড় সকল শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে এ মেলাকে করে তোলে সম্প্রীতির প্রতীক।

স্থানীয়দের মতে, বছরের পর বছর ধরে চলে আসা এই মাছের মেলা এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। একদিনব্যাপী এ আয়োজনকে ঘিরে নবীনগরজুড়ে বিরাজ করে আনন্দঘন পরিবেশ, যা গ্রামীণ ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন হিসেবে এখনও টিকে আছে।

error: Content is protected !!