আনোয়ারার আলোচিত মামলায় আটক ১

‎রুপন দত্ত | আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: ২ ঘন্টা আগে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি শিশু নির্যাতন মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ ফারুক (২৪)। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে ৩১ মে দিবাগত রাতে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারা থানার একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৭ এপ্রিল এক শিশু শিক্ষার্থী আত্মীয়ের বাড়িতে অবস্থানকালে নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় শিশুটির মা কয়েকজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য দিকেও তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পাদকের নোট: নির্যাতনের শিকার শিশুর পরিচয় গোপন রাখা হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্তাধীন এবং আদালতের চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিরা আইনগতভাবে অপরাধী হিসেবে বিবেচিত নন।

error: Content is protected !!