জুনে বাড়ল পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ১২ minutes ago

জুন মাসের জন্য দেশে তিন ধরনের জ্বালানি তেলের খুচরা মূল্য বৃদ্ধি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন মূল্যহার অনুযায়ী কেরোসিনের দাম প্রতি লিটার ১৩৫ টাকা, পেট্রলের দাম ১৪০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ডিজেল আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকায় বিক্রি হবে। নতুন মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা এবং সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়মিত মূল্য সমন্বয় করা হচ্ছে। গত এপ্রিলেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছিল, আর মে মাসে তা অপরিবর্তিত রাখা হয়।

বাংলাদেশে ২০২৪ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু রয়েছে। এ ব্যবস্থার আওতায় আগের মাসের আমদানি ব্যয় ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করে প্রতি মাসে নতুন মূল্য নির্ধারণ করা হয়।

জ্বালানি খাতসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ পরিস্থিতিতে চাপ তৈরি হয়েছে, যার প্রতিফলন বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বাজারেও দেখা যাচ্ছে।

উল্লেখ্য, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্বাহী আদেশের মাধ্যমে নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

error: Content is protected !!