পঞ্চগড় সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

মোঃ রাকিব হাসান, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):
প্রকাশ: ৫৪ minutes ago

পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও টহল আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ জুন) ভোররাতে উক্ত সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে সীমান্ত অতিক্রমের একটি চেষ্টা সফলভাবে রোধ করেন বিজিবি সদস্যরা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫৮/৫ এর নিকটবর্তী অঞ্চলে এই ঘটনা ঘটে। ভোররাতে কিছু ব্যক্তিকে সীমান্ত পার করানোর চেষ্টা করা হলে সেখানে দায়িত্বরত বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে।
বিজিবির কঠোর ও সতর্ক অবস্থানের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি এবং তারা পুনরায় সীমান্তের ওপারে ফিরে যান। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্ত রেখার ওপারে অবস্থান করছেন বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের উভয় পাশে নিরাপত্তা কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এদিকে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত চলাচল ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির পক্ষ থেকে বিশেষ টহল জোরদার করা হয়েছে। এর পাশাপাশি সীমান্ত সংলগ্ন এলাকার স্থানীয় জনগণকে সচেতন করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম জানান, বিজিবির সতর্কতার কারণে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ব্যক্তিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির টহল এবং নজরদারি কার্যক্রম সার্বক্ষণিক জোরদার রয়েছে।

error: Content is protected !!