ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে সংবর্ধনা

মোঃ শাহাদাৎ হোসেন (দেশ এডিশন):
প্রকাশ: ১৬ minutes ago

ফরিদপুরে বিজয়ের বিশেষ বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপিকে জমকালো নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় ফরিদপুর শহরের ব্যাংক এশিয়া মোড় সংলগ্ন থানা রোড এলাকায় এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম ফরিদপুরের আধুনিকায়নে সরকারের রূপরেখা তুলে ধরে বলেন, “ফরিদপুরকে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগ, সিটি করপোরেশন এবং স্থানীয় তরুণদের উচ্চশিক্ষার জন্য একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুনির্দিষ্ট পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। ইনশাআল্লাহ জনগণের সহযোগিতা নিয়ে খুব দ্রুতই এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমাদের প্রধান নেতা জনাব তারেক রহমান নিজে ফরিদপুরে এসে স্থানীয় জনগণের সামনে এ বিষয়ে সুষ্পষ্ট প্রতিশ্রুতি দিয়ে গেছেন।”

তিনি আরও যোগ করেন, “আগামী দিনে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি বা না-ও পারি, সেটি বড় বিষয় নয়। আমি সবসময় ফরিদপুরবাসীর পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও আপনাদের সেবায় নিয়োজিত থাকব। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

ফরিদপুরের ঐতিহ্যবাহী কৃষি খাতের ওপর বিশেষ গুরুত্বারোপ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমার নির্বাচনী এলাকা তথা ফরিদপুরে প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়, যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। আমাদের কৃষকরা যাতে কষ্টার্জিত পেঁয়াজ সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন এবং বাজারে সঠিক সময়ে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন, সে জন্য সরকার দ্রুত কার্যকর ও আধুনিক হিমাগার ব্যবস্থা গ্রহণ করবে। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি।”

বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ইলিয়াস আলী মোল্লা, ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ এবং জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদারেস আলী ইছা।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা জামায়াতের আমীরসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের শীর্ষনেতৃবৃন্দ। পরিশেষে, সভাপতির সমাপনী ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

error: Content is protected !!