সাভারের আশুলিয়ায় আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামক একটি পোশাক কারখানা পুনরায় চালু এবং বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সাধারণ শ্রমিকেরা। আজ শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড বন্ধ থাকায় তারা হঠাৎ করেই চাকরিচ্যুত হয়ে পড়েছেন। বর্তমানে তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন বেতন না পাওয়ায় তাদের পরিবার চরম আর্থিক সংকটের মুখে পড়েছে এবং তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।
মানববন্ধনে শ্রমিকেরা অভিযোগ করে বলেন, ফ্যাক্টরির নিয়ম অনুযায়ী তাদের যে ন্যূনতম মজুরি পাওয়ার কথা ছিল, দীর্ঘদিন ধরে তাদের তার চেয়ে অর্ধেক মজুরি দেওয়া হতো। তারা দাবি জানান, যত দ্রুত সম্ভব তাদের ন্যায্য বকেয়া পাওনা পরিশোধ করতে হবে এবং পুনরায় গার্মেন্টসটি চালু করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে তারা আর্থিক সচ্ছলতা ফিরে পান।
উক্ত মানববন্ধনে গার্মেন্টস শ্রমিক সভাপতি ফরিদুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। শ্রমিক নেতারা তাদের বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানে তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, শ্রম মন্ত্রণালয় এবং মালিকপক্ষের কার্যকর ও জরুরি হস্তক্ষেপ কামনা করেন।