নরসিংদীর রায়পুরা উপজেলায় রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা স্টেশন সংলগ্ন ভাই ভাই স্টোরে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম মুন্সি ওই এলাকার মৃত সাহারাজ খলিফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টাইলসের মালামালের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও কাজ শেষে বাড়ি ফেরার কথা ছিল রফিকুল ইসলামের। তবে রাত ১০টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে তার স্ত্রী দোকানের দিকে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান দোকানের শাটার নামানো থাকলেও তালাবদ্ধ ছিল না। পরে দোকানের ভেতরে প্রবেশ করে স্বামীর মরদেহ দেখতে পান এবং চিৎকার দিলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশের ক্রাইম টিমও ঘটনাস্থলে কাজ করছে।
তিনি আরও জানান, ঘটনার কারণ এবং জড়িতদের শনাক্তে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।