গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শেরপুরে গণমিছিল করেছে ১১ দলীয় জোটের জেলা শাখা। শনিবার শহরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের গেইট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।
গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে শেরপুর সদর আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বলেন, জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তেলের পাম্পে দীর্ঘ লাইনের কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, নীতিনির্ধারকদের উচিত মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনা করা।
এসময় বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া এবং জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান। তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা প্রকাশ পেয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা জরুরি। একই সঙ্গে জ্বালানি তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
এছাড়া ১১ দলীয় জোটের পক্ষ থেকে জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়াসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারা সতর্ক করে বলেন, দাবি পূরণে বিলম্ব হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।