Warning: Undefined variable $preload_un_code in /home/deshedition/public_html/wp-content/themes/p-paper/template-parts/header.php on line 229

সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-অর-রশিদ আর নেই

মাজহারুল ইসলাম বাদল, বিশেষ প্রতিনিধি (দেশ এডিশন):
প্রকাশ: ২ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন-অর-রশিদ (হারুন) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (১৮ জুন, ২০২৬) কিছু ক্ষণ পূর্বে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন।

তাঁর এই আকস্মিক বিদায়ের সংবাদ ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৌঁছালে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। ব্রাহ্মণবাড়িয়ার চার মেয়াদের এই সাবেক সফল সংসদ সদস্য ও প্রাক্তন প্রতিমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনসমূহ। দলটির শীর্ষ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অ্যাডভোকেট হারুন-অর-রশিদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সর্বজনশ্রদ্ধেয় এক আইনি ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে এলাকার রাস্তাঘাট, সেতু ও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে অভূতপূর্ব অবদান রেখেছিলেন। সুবক্তা ও সদালাপী এই নেতা দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ ঢাকা থেকে তাঁর পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসার প্রস্তুতি চলছে। তাঁর জানাজার নামাজ ও দাফনের চূড়ান্ত সময়সূচি পারিবারিক আলোচনার ভিত্তিতে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য জানিয়ে দেওয়া হবে।

error: Content is protected !!